দাউদকান্দির গোলাপের চর এলাকার সড়কটি একসময় ট্রাক্টর, পিকআপ, সিএনজি ও অটোরিকশার চলাচলে প্রাণচঞ্চল থাকত। কিন্তু এখন যেন থমকে গেছে সেই সড়কের গতি। সেতুর মুখে এসে থেমে যায় সব যানবাহন। কারণ, সড়কের মাঝে থাকা পুরনো সেতুটি এখন পুরোপুরি ঝুঁকিপূর্ণ।
স্থানীয়রা নিজেরাই বাঁশের খুঁটি গেড়ে সেতুটি টিকিয়ে রাখার চেষ্টা করছেন, যাতে একেবারে ধসে না পড়ে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের গোলাপের চর গ্রামে গোমতীর একটি শাখা খালের ওপর দাঁড়িয়ে আছে সেতুটি। প্রায় ৩০ বছর আগে এলজিআরডি অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিত সেতুটি বর্তমানে কার্যত ব্যবহারের অনুপযুক্ত।
সেতুর দৈর্ঘ্য প্রায় ৪০ মিটার এবং প্রস্থ ৩ মিটার। দাউদকান্দির গোলাপের চর, চেঙ্গাকান্দি, গঙ্গাপ্রসাদ ও মেঘনা উপজেলার চরকাঁঠালিয়া, শেখেরগাঁও, লক্ষ্মীপুর ও সাতঘরিয়াকান্দি গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করে এই সড়ক দিয়ে। প্রতিদিন চলাচল করেন প্রায় ১০-১৫ হাজার মানুষ।
গোলাপের চর গ্রামের বাসিন্দা আকবর খান বলেন, ‘আমরা নিজেরাই বাঁশ দিয়ে সেতুটি ঠেকিয়ে রেখেছি। সেতুটা ভেঙে পড়লে আমাদের পুরো যোগাযোগ বন্ধ হয়ে যাবে। ভয়ে কেউ এই সেতু দিয়ে গাড়ি চালায় না। আমরা সরকারের কাছে নতুন সেতুর দাবি জানাচ্ছি।’ উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, সেতুটি বহু আগেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।