জরাজীর্ণ সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল, দুর্ভোগে সাত গ্রামের মানুষ

আপলোড সময় : ২০-১০-২০২৫ ০১:১১:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৫ ০১:১১:৪৬ অপরাহ্ন

দাউদকান্দির গোলাপের চর এলাকার সড়কটি একসময় ট্রাক্টর, পিকআপ, সিএনজি ও অটোরিকশার চলাচলে প্রাণচঞ্চল থাকত। কিন্তু এখন যেন থমকে গেছে সেই সড়কের গতি। সেতুর মুখে এসে থেমে যায় সব যানবাহন। কারণ, সড়কের মাঝে থাকা পুরনো সেতুটি এখন পুরোপুরি ঝুঁকিপূর্ণ।

 
সেতুর মাঝের পিলার ডেবে গেছে, ওপরের অংশে দেখা দিয়েছে বড় ফাটল। রেলিং থেকে পলেস্তারা খসে পড়ে বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। পিলারগুলো দুর্বল হয়ে পড়ায় সেতুর ওপর দিয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে উঠেছে।

 

স্থানীয়রা নিজেরাই বাঁশের খুঁটি গেড়ে সেতুটি টিকিয়ে রাখার চেষ্টা করছেন, যাতে একেবারে ধসে না পড়ে।

 
তাই এখন আর কেউ সাহস করে অটোরিকশা চালিয়ে সেতুর ওপর উঠতে চান না। সেতুর সামনে এসে গাড়ি থেকে যাত্রীরা নেমে পড়েন, হেঁটে পেরিয়ে যান সেতু। এরপর আবার অন্য পাশ থেকে অটো বা অন্য গাড়িতে গন্তব্যে রওনা দেন। প্রতিদিনই এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে তিতাস ও দাউদকান্দি উপজেলার সাতটি গ্রামের অন্তত ২০ হাজার মানুষকে।
 

 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের গোলাপের চর গ্রামে গোমতীর একটি শাখা খালের ওপর দাঁড়িয়ে আছে সেতুটি। প্রায় ৩০ বছর আগে এলজিআরডি অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিত সেতুটি বর্তমানে কার্যত ব্যবহারের অনুপযুক্ত।
সেতুর দৈর্ঘ্য প্রায় ৪০ মিটার এবং প্রস্থ ৩ মিটার। দাউদকান্দির গোলাপের চর, চেঙ্গাকান্দি, গঙ্গাপ্রসাদ ও মেঘনা উপজেলার চরকাঁঠালিয়া, শেখেরগাঁও, লক্ষ্মীপুর ও সাতঘরিয়াকান্দি গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করে এই সড়ক দিয়ে। প্রতিদিন চলাচল করেন প্রায় ১০-১৫ হাজার মানুষ।

 
কিন্তু সেতুর কারণে মালামাল পরিবহন, স্কুলগামী শিক্ষার্থী, রোগী কিংবা কর্মজীবী মানুষের চলাফেরা সবই এখন কষ্টসাধ্য হয়ে পড়েছে। এক পাশ থেকে নেমে হেঁটে গিয়ে অন্য পাশে গাড়ি ধরতে হচ্ছে, এতে অতিরিক্ত সময় ও খরচ দুটোই বাড়ছে।

 

গোলাপের চর গ্রামের বাসিন্দা আকবর খান বলেন, ‘আমরা নিজেরাই বাঁশ দিয়ে সেতুটি ঠেকিয়ে রেখেছি। সেতুটা ভেঙে পড়লে আমাদের পুরো যোগাযোগ বন্ধ হয়ে যাবে। ভয়ে কেউ এই সেতু দিয়ে গাড়ি চালায় না। আমরা সরকারের কাছে নতুন সেতুর দাবি জানাচ্ছি।’ উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, সেতুটি বহু আগেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

 
 
 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :