২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বাবার পর ছেলেও মারা গেল সড়ক দুর্ঘটনায়

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৪:৫০:২৫ অপরাহ্ন
বাবার পর ছেলেও মারা গেল সড়ক দুর্ঘটনায়

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর দুই বছর পর ছেলেও গাড়ির ধাক্কায় নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৭টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আহসান ফুয়াদ (১৪)। সে নগরীর কাশিয়াডাঙ্গা রায়পাড়া এলাকার মৃত মাওলানা মো. মিজানুর রহমানের ছেলে।

 
আল জামিয়া ইসলামিয়া আল আলামিয়া মাদরাসায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল ফুয়াদ। দুই বছর আগে তার বাবা মাওলানা মিজানুর রহমানও সড়ক দুর্ঘটনায় নিহত হন।

 

ফুয়াদের মৃত্যুর ঘটনায় তার মা শাহানারা খাতুন রহিমা কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা করেছেন। মামলার এজাহারে পবা উপজেলার শিতলাই বাথানবাড়ি এলাকার বাদশা রহমানের ছেলে জহুরুল ইসলামকে আসামি করা হয়েছে।

 
ফুয়াদকে ধাক্কা দেওয়া ঘাতক ভটভটির চালক ছিলেন জহুরুল ইসলাম।

 

এজাহারে উল্লেখ করা হয়, হেঁটে কাশিয়াডাঙ্গা ফেরতাপাড়ায় জমি দেখার জন্য যাচ্ছিলেন ফুয়াদের মা রহিমা। এ সময় ফুয়াদ মায়ের সঙ্গে বাইসাইকেল চালিয়ে জমি দেখতে যাচ্ছিল। পথিমধ্যে দামকুড়ার দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ভটভটি তাকে ধাক্কা দেয়।

 
এতে রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পায় ফুয়াদ। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফুয়াদকে মৃত ঘোষণা করেন।

 

ফুয়াদের স্বজনরা জানান, সে অনেক মেধাবী ছিল। ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিল। শিবিরের কর্মী হয়েছিল সে।

 
বৃক্ষরোপণসহ ছাত্রশিবিরের বিভিন্ন সামাজিক কর্মসূচিতেও অংশগ্রহণ করত। তার কণ্ঠও ছিল অসাধারণ। সুন্দরভাবে ইসলামী সংগীত পরিবেশন করত। বছরদুয়েক আগে তার পিতা মাওলানা মিজানুর রহমানও সড়ক দুর্ঘটনায় নিহত হন। এবার মায়ের চোখের সামনেই ছেলে ফুয়াদও নিহত হলেন। এতে ফুয়াদের পরিবারসহ বিভিন্নস্তরের মানুষ শোকাহত। তার মৃত্যুতে এলাকায় ও মাদরাসায় শোকের ছায়া নেমে এসেছে। গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফুয়াদের মাদরাসা শিক্ষক এবং জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতারা।

 

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারি জলিল বলেন, নিহতের স্বজনরা থানায় এসেছেন। তাদের সঙ্গে আমরা কথা বলছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ