রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর দুই বছর পর ছেলেও গাড়ির ধাক্কায় নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৭টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আহসান ফুয়াদ (১৪)। সে নগরীর কাশিয়াডাঙ্গা রায়পাড়া এলাকার মৃত মাওলানা মো. মিজানুর রহমানের ছেলে।
ফুয়াদের মৃত্যুর ঘটনায় তার মা শাহানারা খাতুন রহিমা কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা করেছেন। মামলার এজাহারে পবা উপজেলার শিতলাই বাথানবাড়ি এলাকার বাদশা রহমানের ছেলে জহুরুল ইসলামকে আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, হেঁটে কাশিয়াডাঙ্গা ফেরতাপাড়ায় জমি দেখার জন্য যাচ্ছিলেন ফুয়াদের মা রহিমা। এ সময় ফুয়াদ মায়ের সঙ্গে বাইসাইকেল চালিয়ে জমি দেখতে যাচ্ছিল। পথিমধ্যে দামকুড়ার দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ভটভটি তাকে ধাক্কা দেয়।
ফুয়াদের স্বজনরা জানান, সে অনেক মেধাবী ছিল। ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিল। শিবিরের কর্মী হয়েছিল সে।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারি জলিল বলেন, নিহতের স্বজনরা থানায় এসেছেন। তাদের সঙ্গে আমরা কথা বলছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।