​একনেকে ৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০৪:২৬:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০৪:২৬:০১ অপরাহ্ন


জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৮ হাজার ৩৩৩ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ৮ হাজার ৩৩৩ কোটি ২৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যে সরকারি অর্থায়ন চার হাজার ৪৩৭ কোটি ৮২ লাখ টাকা, প্রকল্প ঋণ এক হাজার ২২৫ কোটি ৩৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন দুই হাজার ৬৭০ কোটি নয় লাখ টাকা। এটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় ও অন্তর্বর্তী সরকারের ১৪তম একনেক সভা।

সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এডিবি বাস্তবায়নের অগ্রগতি কেন হচ্ছে না, এটা নিয়ে কাজ করবে পরিকল্পনা মন্ত্রণালয়। খামোখা ঋণের বোঝা বাড়াতে চায় না সরকার।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন স্থানে সরকারের বহু খাস জমি অব্যবহৃত অবস্থায় রয়েছে। এ পরিস্থিতি খতিয়ে দেখতে ইতোমধ্যে প্রত্যেক মন্ত্রণালয়ে কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির মাধ্যমে সারা বাংলাদেশে ঠিক কত পরিমাণ খাস জমি অব্যবহৃত আছে, তা নিরূপণ করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :