ফুটসাল র‌্যাংকিংয়ে বাংলাদেশ ৪৪

আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ১০:৩৯:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ১১:১০:২৫ পূর্বাহ্ন
ফিফা নারী ফুটসাল র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ৪৪ নম্বরে। যেখানে ভারত ৮৭তম স্থানে। শুক্রবার ফিফা ফুটসালের র‌্যাংকিং প্রকাশ করেছে। সম্প্রতি ফুটসালের ওপর জোর দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রথমবারের মতো গঠিত হচ্ছে পুরুষ ফুটসাল দল।

এজন্য ইরানি কোচও এনেছে বাফুফে। আন্তর্জাতিক ফুটসালে অংশ না নেওয়ায় পুরুষ ফুটসালে বাংলাদেশ ফিফা র‌্যাংকিংয়ের বাইরে। বাংলাদেশ নারী ফুটসালের র‌্যাংকিংয়ে রয়েছে এটা অনেকেরই অজানা ছিল। পুরুষ ফুটসালে এশিয়ান কাপ ফুটসালের বাছাই দিয়ে আন্তর্জাতিক অভিষেক হবে বাংলাদেশের।

সাবিনা খাতুনরা ২০১৮ সালে থাইল্যান্ডে নারী এশিয়ান কাপ ফুটসাল সরাসরি খেলেছিলেন। যদিও ভিয়েতনাম, চাইনিজ তাইপে ও মালয়েশিয়ার বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। সেটাই ছিল বাংলাদেশ নারী ফুটসাল দলের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র অংশ নেওয়া। এএফসি নারী ফুটসাল এশিয়া কাপ ২০১৫ সালে শুরু করেছে। তিন বছর পর ২০১৮ সালে দ্বিতীয় আসরে খেলেছিল বাংলাদেশ। মাত্র ১৫ দল নিবন্ধন করায় বাছাইয়ের পরিবর্তে মূলপর্ব হয়েছে সরাসরি। সাত বছর বিরতি দিয়ে এবার নারী এশিয়ান ফুটসালের তৃতীয় আসর অনুষ্ঠিত হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :