সাভারে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত, আসামি ছিনতাই

আপলোড সময় : ১০-০৬-২০২৬ ১১:৪৪:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৬-২০২৬ ১১:৪৪:০৪ পূর্বাহ্ন

সাভারে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ সময় পুলিশের হেফাজত থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) রাতে সাভার পৌর এলাকার কাঞ্চনপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তারা হলেন- সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এস এম শামীম এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান। আহত অবস্থায় তাদের প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 
 

পুলিশ সূত্রে জানা যায়, মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রফিকুল ইসলামকে আটক করতে মঙ্গলবার রাতে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সিভিল পোশাকে থাকা দুই পুলিশ কর্মকর্তা তাকে আটক করেন।

তবে গ্রেপ্তারের পরপরই আসামির সহযোগীরা অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পুলিশ সদস্যদের কিল-ঘুষি, চড় এবং ইট দিয়ে আঘাত করে রফিকুল ইসলামকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে আরও অনেক লোক উপস্থিত ছিল এবং তাদের মধ্য থেকেও কয়েকজন হামলায় অংশ নেয়।

স্থানীয়দের অভিযোগ, রফিকুল ইসলাম এলাকায় পরিচিত মাদক কারবারি। হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের অনেকেই মাদক চক্রের সঙ্গে জড়িত।

পুলিশ জানিয়েছে, আহত দুই কর্মকর্তার চিকিৎসা চলছে। একই সঙ্গে পলাতক আসামি ও হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :