মাদারীপুরের ডাসার এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহতসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। আর আহতদের প্রথমিক চিকিৎসার জন্য মাদারীপুর ও কালকিনি হাসপাতালে নেওয়া হয়।
মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় আসলে একটি ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত হয়।
খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও পুলিশ। দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
এদিকে দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে বন্ধে হয়ে যায় যান চলাচল। ফলে সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।