নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান

আপলোড সময় : ১৮-০২-২০২৬ ০৫:৫৪:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০২-২০২৬ ০৫:৫৪:০৯ অপরাহ্ন

পবিত্র রমজান উপলক্ষে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার তদারকি শুরু করেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রশাসন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার বেশ কয়েকটি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন ইউএনও।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার সীমান্তবাজার, সোনামুখী আলমপুর ও লক্ষ্মীপুর বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।

পরিদর্শনকালে নিত্যপণ্যের মূল্য তালিকা টানানো, অতিরিক্ত দাম না নেওয়াসহ পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব আরোপ করেন ইউএনও।

 

 

একই সঙ্গে বাজার দখলমুক্ত করতে ফুটপাত ও বাজারের জায়গায় যেসব অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে তার মধ্যে কয়েকটি উচ্ছেদ করা হয়। বাকিগুলোর মালিকদের নিজ দায়িত্বে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরবর্তী পরিদর্শনকালে এসব স্থাপনা দেখা গেলে তা গুঁড়িয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ইউএনও। 

এদিকে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রেতারা।

 
মাঝে মাঝে বাজার তদারকি হলে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় থাকবে এবং মানুষ স্বস্তিতে রমজানের বাজার করতে পারবে বলে জানান ক্রেতারা।

 

বাজার তদারকি শেষে ইউএনও সাংবাদিকদের উদ্দেশে বলেন, রমজান মাসে কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা নেওয়া বরদাশত করা হবে না। ভোক্তাদের স্বার্থ রক্ষায় সাদা পোশাকে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 
তা ছাড়া বাজারগুলোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

 

অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা  শরিফুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান, সাংবাদিকসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :