নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করতে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর

আপলোড সময় : ১০-০২-২০২৬ ০৭:০৯:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০২-২০২৬ ০৭:০৯:৫৫ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সেনাবাহিনীর উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) সকালে রাজস্থলী আর্মি ক্যাম্পের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর রণজয়ী আটত্রিশ কাপ্তাই জোনের উদ্যোগে এই সমন্বয় সভার আয়োজন করা হয়। কাপ্তাই জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর তানভির হাসান সিফাত এবং লেফটেন্যান্ট শাহরিয়ার শামসি।

সমন্বয় সভায় রাজস্থলী উপজেলার ১২টি ভোট কেন্দ্রের বর্তমান পরিস্থিতি, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্বাচনের দিন সুষ্ঠুভাবে ভোটদান কার্যক্রম পরিচালনা করার বিষয়ে বিস্তারিত পরিকল্পনা ও কৌশল নিয়ে আলোচনা করা হয়। সভায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

এসময় মেজর জিয়াউর রহমান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। প্রতিটি ভোটকেন্দ্র এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। যাতে সকল ভোটার উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আমরা আশা করি স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে। এলক্ষ্যে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী তৎপর রয়েছে বলেও জানানো হয়। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খালেদ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা উপল মজুমদার, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং ১২টি কেন্দ্রের মনোনীত সকল প্রিজাইডিং অফিসারবৃন্দ।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :