অন্তর্বর্তী সরকার বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় কাজ করছে : প্রিন্স

আপলোড সময় : ০৪-০২-২০২৬ ১২:৪৯:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০২-২০২৬ ১২:৪৯:২৬ অপরাহ্ন

নির্বাচনের আগে তড়িঘড়ি করে চট্টগ্রামের লাভজনক নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের কাছে লিজ দেওয়ার চুক্তি ও আমেরিকার সঙ্গে তথাকথিত শুল্ক বাণিজ্য চুক্তির উদ্যোগের তীব্র বিরোধিতা করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেছেন, এটি এখন এই সরকারের কাজ নয়। অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় এসব কাজ করতে চাইছে। এসব কাজ থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

 

 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মনোনীত সিপিবির কাস্তে মার্কার প্রার্থী খুলনা-৫ আসনের অ্যাডভোকেট চিত্ত গোলদার ও খুলনা-৬ আসনের অ্যাডভোকেট প্রশান্ত মণ্ডলের সমর্থনে বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, একাত্তরের পরাজিত অপশক্তি আজ নতুন করে ইতিহাস শেখাতে চায়, হুমকি-ধমকি দিয়ে ক্ষমতা দখল করতে চায়। এদের রুখে দাঁড়াতে হবে। মানুষের অজানা আতঙ্ক দূর করে ন্যূনতম গ্রহণযোগ্য ভোটের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

 

 

পরিবেশবান্ধব ও সমাজ সম্পৃক্ত উন্নয়নের জন্য কাস্তে মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে রুহিন হোসেন প্রিন্স বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় এবং ৫৪ বছরে দেশের মানুষ শাসকগোষ্ঠীকে দেখেছে। এরা শুধু ক্ষমতার পালাবদল করে নিজস্ব স্বার্থ রক্ষায় ব্যাস্ত ছিল। ব্যবস্থা বদল ছাড়া মানুষের মুক্তি নেই। এই কাজটি করতে পারবে একমাত্র কমিউনিস্ট ও বামপন্থীরা।

দক্ষিণ অঞ্চলে জলবায়ু উদ্বাস্তু এলাকায় মানুষের দুর্দশায় ক্ষোভ প্রকাশ করে সিপিবি নেতা বলেন, দেশের অসম উন্নয়ন পরিকল্পনার কারণে এ অঞ্চলের মানুষ অবহেলিত। এ অঞ্চলে পরিবেশবান্ধব ও সমাজ সম্পৃক্ত উন্নয়ন পরিকল্পনা ছাড়া মানুষের মুক্তি আনা যাবে না। কাস্তে মার্কার প্রার্থীরা বিজয়ী হলে, স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে এ অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করবে। কৃষকের উৎপাদিত ফসলের লাভজনক দাম নির্ধারণ, ক্ষেতমজুরদের বারো মাস কাজ, ন্যূনতম জাতীয় মজুরি নির্ধারণ, মানুষের ন্যূনতম চাহিদা অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের সঙ্গে সঙ্গে মৌলিক অধিকারের সংখ্যা বৃদ্ধি ও তার আইনগত অধিকার নিশ্চিত করবে।

ওই সব কর্মসূচিতে আরো বক্তৃতা করেন সিপিবির খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, ডা. এস এম ফরিদুজ্জামান, অ্যাডভোকেট নিত্যানন্দ ঢালী, হাবিবুর রহমান, আব্দুস সামাদ, বাসদ নেতা রবীন মণ্ডল, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, রিয়াজুর রহমান, অমল মণ্ডল প্রমুখ।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :