প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

আপলোড সময় : ১০-০১-২০২৬ ০৬:৫৪:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০১-২০২৬ ০৬:৫৪:১৯ অপরাহ্ন

টাঙ্গাইলের মির্জাপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা রিয়াদ খান প্যারোলে মুক্তি পেয়ে বাবা শহীদুজ্জামান খানের জানাজার নামাজ পড়িয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার উয়ার্শী ইউনিয়নের উয়ার্শী কবরস্থানে বাবার জানাজার নামাজ পড়ান তিনি। রিয়াদ খান উয়ার্শী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। গত বছরের ২২ ডিসেম্বর থেকে রিয়াদ খান টাঙ্গাইল জেলহাজতে রয়েছেন।

 

 

জানা গেছে, গত শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রিয়াদ খানের বাবা শহীদুজ্জামান খান মারা যান। শনিবার সকালে শহীদুজ্জামানের বড় ছেলে অয়ন খান আইনজীবীর মাধ্যমে ছোট ভাই রিয়াদের প্যারোলে মুক্তির জন্য আদালতে আবেদন করেন। আদালতের নির্দেশে পুলিশ সকাল সাড়ে ১১টার দিকে দড়িসহ হ্যান্ডকাফ পরিয়ে উয়ার্শী গ্রামের বাড়িতে নিয়ে আসেন। দুপুর ১২টায় গ্রামবাসীর উপস্থিতিতে উয়ার্শী সামাজিক কবরস্থানে বাবার জানাজার নামাজ পড়ান রিয়াদ খান।

 
 

 

নিষিদ্ধ ছাত্রলীগের মির্জাপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ওয়াকিল আহমেদ বিষয়টি জানিয়েছেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়। এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে পুলিশ, সাংবাদিক, আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলার তদন্তে রিয়াদ খানের সংশ্লিষ্টতা পাওয়ায় গত বছরের ২২ ডিসেম্বর সন্ধ্যায় রিয়াদ খানকে উপজেলার উয়ার্শী ইউনিয়নের মল্লিক মার্কেট এলাকার একটি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করে পুলিশ।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :