কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ত্রিমুখী সংঘর্ষে বাস উল্টে গাড়িতে অগ্নিদগ্ধ হয়ে চারজন নিহত ও ২১ আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিডিএম পরিবহনের একটি বাস দাউদকান্দি উপজেলা জিংলাতলী ইউনিয়নের বানিয়াপাড়া অতিক্রম করে যাচ্ছিল। এ সময় উল্টো দিকে আসা একটা থ্রি-হুইলার ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় বাসটি ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আগুন ধরে যায়।
আহত বাসের যাত্রী শাহজাহান মিয়া বলেন, ‘থ্রি-হুলার ও মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। বাসের চালক তাদেরকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো যায়। পরে গাড়িতে আগুন লেগে মোটরসাইকেলের চালকসহ চারজন নিহত হয়। আমিসহ বাসের যাত্রীরা আহত হই।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ওসি ইকবাল বাহার বলেন, ‘নিহতদের মধ্যে দুজন শিশু ও একজন নারী এবং মোটরসাইকেলের চালক (পুরুষ) রয়েছেন। নিহত যাত্রীদের শরীর মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। তাদের মরদেহ হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। মহাসড়ককে যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হয়েছে।’