হাদিকে হত্যাচেষ্টা : ফয়সালের সহযোগী কবির গ্রেপ্তার

আপলোড সময় : ১৬-১২-২০২৫ ১০:৫২:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-১২-২০২৫ ১০:৫২:১০ পূর্বাহ্ন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সহযোগী কবির নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যার পর তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন পুলিশের বিশেষ এ ইউনিটের মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী। এ গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

হাদিকে গুলির ঘটনায় এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ; যাদের মধ্যে চারজনকে রিমান্ডে পেয়েছেন তদন্ত কর্মকর্তা।

 

 

এরা হাদিকে গুলির সময় যে মোটরসাইকেল ব্যবহার করা হয়েছিল সেটির মালিক আব্দুল হান্নানকে প্রথম আটক করে র‌্যাব। পরে তাকে পুলিশে হস্তান্তরের পর ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়।

পরে হত্যাচেষ্টার মামলায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ও ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমাকে গ্রেপ্তার করে র‌্যাব।

এ ছাড়া হাদিকে গুলিবর্ষণকারীদের পালানো ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারির মধ্যে শেরপুরের নালিতাবাড়ী এলাকা থেকে দুজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

 

 

উল্লেখ্য, শুক্রবার ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।

গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন। চলন্ত রিকশায় থাকা তাকে গুলি করেন মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী।

 
গুলিটি লাগে হাদির মাথায়।

 

 
 
 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :