চোর সন্দেহে পিটিয়ে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ০৮-১২-২০২৫ ০৩:১২:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১২-২০২৫ ০৩:১৩:৩৩ অপরাহ্ন

রংপুরের মিঠাপুকুর উপজেলায় মোটরসাইকেল চোর সন্দেহে ট্রাক্টরচালক সোহেল রানাকে (২৮) পিটিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি হাফিজুর রহমান (৫৫)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রবিবার (৭ ডিসেম্বর) রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আজ সোমবার (৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

গ্রেপ্তার হাফিজুর রংপুরের পীরগঞ্জ উপজেলার জলাইডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।

 
 

 

র‌্যাব জানায়, নিহত সোহেল রানা পেশায় একজন ট্রাক্টরচালক। গত ২৭ অক্টোবর তাকে মোটরসাইকেল চোর সন্দেহে আটক করার পরিকল্পনা করেন হাফিজুর রহমান। সে অনুযায়ী কয়েকজন সহযোগীসহ তিনি সোহেলকে জোর করে মোটরসাইকেলে তুলে এলাকার একটি চা-বিস্কুটের দোকানের সামনে নিয়ে যান। সেখানেই তাকে চোর সন্দেহে হাত-পা বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন।

 
শুধু তাই নয়-হত্যার উদ্দেশ্যে তার দুই পায়ের হাঁটুর নিচে বৈদ্যুতিক শকও দেওয়া হয়। এতে গুরুতরভাবে আহত ও অসুস্থ হয়ে পড়েন সোহেল।

 

র‌্যাব জানায়, সোহেল বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। ঠিক সেই সময় হাফিজুর ও তার সহযোগীরা গুরুতর জখম অবস্থায় সোহেলকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে চাপ সৃষ্টি করে তিনটি সাদা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে সই করিয়ে নেন।

 
যদিও তারা দাবি করে এসব স্ট্যাম্প ‘মুক্তিপণ ও দায়মুক্তির’ জন্য রাখা হয়।

 

এদিকে, গুরুতর জখমের কারণে সোহেলের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছিল। তবে হাসপাতালে নেওয়ার আগেই মারা যান তিনি।

ঘটনার পর সোহেলের বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় মামলা দায়ের করেন।

 
মামলার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাব-১৩ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদের অবস্থান শনাক্তে মাঠে নামে। একপর্যায়ে রবিবার রাতে র‌্যাব-১৩ এর যৌথ আভিযানিক দল রাজধানীর পল্লবী থানার মাটিকাটা রোডের সিরাজ আমেনা অটোমোবাইল সলিউশন এর সামনে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

 

বিপ্লব কুমার গোস্বামী বলেন, গুরুতর অভিযোগের ভিত্তিতে আমরা দীর্ঘসময়ের গোয়েন্দা নজরদারির পর প্রধান আসামি হাফিজুর রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাকে মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।’

 
 
 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :