কৃষকের থেকে কৃষি কর্মকর্তার ঘুষ নেওয়ার অভিযোগ, তদন্ত কমিটি গঠন

আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৬:১৪:০০ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৬:১৪:০০ অপরাহ্ন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কৃষি কর্মকর্তা মো. রায়হানুল হকের বিরুদ্ধে সোলার সেচ প্রকল্পের কাজের নামে কৃষকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সম্প্রতি কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার চন্ডীগড় ইউনিয়নের ফেচিয়া গ্রামের কৃষক হাসান আলী ও তার ফুফাতো ভাই আলাল মিয়া সাংবাদিকদের কাছে অভিযোগ তুলে ধরেন।

কৃষক হাসান আলী বলেন, ‘আমার ফুফাতো ভাই আলাল মিয়ার নামে সোলার সেচ পাম্প প্রকল্পের কাজ আসে।

 
এ বিষয়ে কৃষি অফিসে যোগাযোগ করলে ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা রায়হানুল হক কাজের খরচের জন্য ১ লাখ টাকা দাবি করেন। দাবি করা টাকার মধ্যে হাতে ৩০ হাজার টাকা এবং গত ১০ নভেম্বর তার ব্যাংক অ্যাকাউন্টে আরো ২০ হাজার টাকা পাঠাতে বাধ্য হয়। পরে আবারও ৫০ হাজার টাকা দাবি করা হলে এর পরই লিখিত অভিযোগ করেন।’

 

তিনি আরো বলেন, ‘আমি জানতে পারি এই কাজ সরকারি এবং এর জন্য কোনো টাকা লাগে না।

 
এ জন্যই আমি অভিযোগ করেছি।’

 

কৃষক আলাল মিয়া বলেন, সরকারি কাজে কোনো টাকা লাগে না। কিন্তু রায়হান স্যার ১ লাখ টাকা চেয়েছেন, এর মধ্যে ৫০ হাজার টাকা নিয়েছে। আমাদের টাকা ফেরত চাই।

 

 

খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের গত ২ জুন উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস ছুটিতে যান। সেই দায়িত্বভার অস্থায়ীভাবে গ্রহণ করেছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা রায়হানুল হক। তার দায়িত্ব পালনকালে এই ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে, যা স্থানীয় কৃষকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তার দায়িত্বকাল শেষ হবে আজ ২ ডিসেম্বর।

অভিযোগের বিষয়ে জানতে উপজেলা কৃষি অফিসে গেলে রায়হানুল হককে পাওয়া যায়নি।

 
অফিস সূত্র জানায়, তিনি ছুটিতে রয়েছেন। পরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন এবং এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার কথাও প্রতিবেদককে বলেন। 

 

তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আপনারা জানেন আমি কেমন ধরনের অফিসার।’

এ বিষয়ে নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আমিরুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :