মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযান, থানা থেকে লুট হওয়া শটগানসহ আটক ১

আপলোড সময় : ৩০-১১-২০২৫ ১১:৪৮:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-১১-২০২৫ ১১:৪৮:১৩ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে অভিযান চালিয়ে মুন্সীগঞ্জ থানা থেকে লুট হওয়া একটি শটগান, এক রাউন্ড কার্তুজসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার রাত ৭টা থেকে শুরু হওয়া এক বিশেষ তল্লাশি অভিযানে চরডুমুরিয়ার আনন্দপুর গ্রাম থেকে শটগানসহ কে এম সোহেল রানা (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। রানা আমঘাটা গ্রামের দৌলত মাস্টারের ছেলে। পরে তাকে নিয়ে মোল্লাকান্দির আশুরান এলাকায় রতন দেওয়ানের বাড়িতে অভিযান চালিয়ে একটি কার্তুজ উদ্ধার করা হয়।

 
তবে রতন দেওয়ান পলাতক রয়েছেন।

 

উদ্ধার হওয়া শটগানটি গত ‘জুলাই গণ-অভ্যুত্থানে’র সময় মুন্সীগঞ্জ সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে শনাক্ত করা হয়। মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প কমান্ডার প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

গত ১০ নভেম্বর মোল্লাকান্দি এলাকায় রাজনৈতিক সহিংসতায় গুলিতে একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনার পর থেকে এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে সেনাবাহিনী।

 
সেই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত অস্ত্র, কার্তুজ ও আটক সোহেল রানাকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জেলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানাতে অনুরোধ করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :