যাত্রীবেশে গাড়িতে উঠে চালককে হত্যা, অটোরিকশা ছিনতাই

আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০৮:১১:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০৮:১১:৪০ অপরাহ্ন
নরসিংদীর রায়পুরায় অটোরিকশাচালক শাহাদত মিয়ার (১৩) গলা কেটে হত্যা পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১টায় উপজেলার আমিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শাহাদত উপজেলার আদিয়াবাদ এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার ইব্রাহীম মিয়ার ছেলে।

পারিবারিক সূত্র জানায়, সকাল ৯টায় বড় ভাই ইয়াছিন মিয়ার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন শাহাদত মিয়া। পথে যাত্রীবেশে এক ছিনতাইকারী তার অটোরিকশায় ওঠে। দুপুর ১টার দিকে উপজেলার আমিরগঞ্জে এলাকায় শাহাদতকে গলা কেটে হত্যার পর অটোরিকশাটি নিয়ে যায়। ঘটনার সময় রাস্তাটি নীরব ছিল বলে জানায় স্থানীয়রা।

ঘটনার পর কিছুদূর গিয়ে ওই ছিনতাইকারী অটোরিকশাটি সড়কের পাশে রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে তার স্বজনা ও পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। অটোরিকশা চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

 
সরেজমিনে গিয়ে দেখা যায়, আমিরগঞ্জের হাসনাবাদ সড়কের একপাশে অটোরিকশাচালক শাহাদতের গলা কাটা মরদেহ পড়ে আছে।

ঘটনাস্থলে আশপাশে কোনো বাড়িঘর নেই।
মৃত শাহাদতের ভাই ইয়াছিন মিয়া জানান, ভাড়া নিয়ে একটি অটোরিকশা চালাতেন তিনি। আজ অন্য কাজে ব্যস্ত ছিলেন। এ ফাঁকে সকালে তার ভাই শাহাদত অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন। দুপুরে তিনি খবর পান শাহাদতের গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

অটোরিকশা চালক জসিম বলেন, ‘আমিরগঞ্জের হাসনাবাদ সড়কে আগে এমন ঘটনা ঘটেনি। দিনদুপুরে এমন ঘটনায় আমরা আতঙ্কিত।’ এ ঘটনায় জড়িত অপরাধীকে গ্রেপ্তারের মাধ্যমে বিচারের দাবি জানান তিনি।

বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. মাসুদ আলম জানান, ছুরি দিয়ে গলা কেটে চালক শাহাদতের অটোরিকশা ছিনতাই করে দুর্বৃত্তরা। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :