শিক্ষার্থীদের আন্দোলনে কার্যক্রম থেকে বিরত রাবির দুই শিক্ষক

আপলোড সময় : ২৪-১১-২০২৫ ১২:৫৮:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৫ ১২:৫৮:২৩ অপরাহ্ন

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষককে বিভাগীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। রবিবার রাত সাড়ে ৮ টার দিকে বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন জনসংযোগ দপ্তরের কর্মকর্তা অধ্যাপক আখতার হোসেন মজুমদার।

অব্যাহতিপ্রাপ্ত দুই অধ্যাপক হলেন, বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাজু সরদার ও তানজিল ভূঞা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সঠিক ও সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে অ্যাকাডেমিকসহ সকল বিভাগীয় কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

 
ওই বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ ও প্রাসঙ্গিক অন্যান্য অভিযোগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রথম সভার সুপারিশের প্রেক্ষিতে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

 

এর আগে, গত বুধবার (১৯ নভেম্বর) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ এবং প্রাসঙ্গিক অন্যান্য অভিযোগ তদন্তে সিন্ডিকেট সদস্য ও আরবি বিভাগের প্রফেসর ড. মো. নিজাম উদ্দীনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

প্রসঙ্গত, গত ১৭ দিন ধরে সহকারী অধ্যাপক তানজিল ভূঞার পদত্যাগ চেয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গত ১০ ও ১১ নভেম্বর ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক তানজিল ভুঞাকে চরিত্রহীন, লম্পট ও সন্ত্রাসী আখ্যা দিয়ে তার বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিভাগের শিক্ষার্থীরা।

 
 

 

বিভাগের অফিসকক্ষে তালা ঝুলিয়ে ও ক্লাস-পরীক্ষা বর্জন করে এই আন্দোলন করেন তারা। তাদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে রবিবারের ভেতর বিষয়টি সুরাহার আল্টিমেটাম দিয়েছিলেন কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি মোস্তাকুর রহমান জাহিদ।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :