ট্রাইব্যুনালে হাজির কর্নেল রেদোয়ান ও মেজর রাফাত

আপলোড সময় : ২৪-১১-২০২৫ ১১:৫৮:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৫ ১১:৫৮:০২ পূর্বাহ্ন

রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতবিরোধী মামলার শুনানিতে দুই সেনা সদস্য কর্নেল রেদোয়ান ও মেজর রাফাতকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্র্যাইব্যুনাল এলাকায় আজও কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মানবতাবিরোধী অপরাধের এ মামলার শুনানি হবে।

 
ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

 

এর আগে, গত ৮ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন— বিজিবির আরেক কর্মকর্তা মেজর মো. রাফাত বিন আলম মুন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।

 

 

অভিযোগপত্রে বলা হয়, গত জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনের সময় রামপুরায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ২৮ জন নিহত এবং আরও অনেকে আহত হন। সে সময় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলকে আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি ছুড়তে দেখা যায় এবং অন্য আসামিরাও এই ঘটনায় নেতৃত্ব দিয়েছিলেন। তদন্ত সংস্থার প্রতিবেদন জমা দেওয়ার পর ট্রাইব্যুনালে এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলো।

 
 
 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :