লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট (নিষিদ্ধ নৌযান) ও জালসহ ৯ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের মুন্সিরহাট এলাকার মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— মো. সুমন (৪২), মো. বেলাল (৩৫), দিদারুল ইসলাম মাঝি (৩৩), হুমায়ুন (২৭), আব্দুল মান্নান (৫৫), মোছলেহ উদ্দিন (৪০), আব্দুল খালেক (৫০), শাহাদাত (২২) ও আলাউদ্দিন (৫৩)। তারা সবাই কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের লুধুয়াঘাট এলাকার বাসিন্দা।
রামগতি উপজেলা কোস্ট গার্ডের সিসি সফিকুল ইসলাম বলেন, নিবন্ধনবিহীন ট্রলিং বোট ও জাল দিয়ে বেআইনিভাবে সমুদ্রে মাছ শিকারের দায়ে তাদের আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ৯ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।