ধানমণ্ডিতে মারধরের শিকার সেই নারী জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

আপলোড সময় : ১৫-১১-২০২৫ ১১:০৯:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৫ ১১:০৯:২৯ পূর্বাহ্ন

রাজধানীর ধানমণ্ডিতে মারধরের পর আটক  নারী সালমা ইসলামকে জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। 

এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর ইউরোপিয়ান ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র আবু সাইদ মু. সাইম হত্যাচেষ্টা মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ধানমণ্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার মিয়া।

 

 

সালমা ইসলামের পক্ষে তার আইনজীবী আবুল হোসাইন পাটোয়ারী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। 

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বর সড়কের শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের সময় সেখানে উপস্থিত সালমা ইসলাম মারধরের শিকার হন। তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।

 

 

মামলা সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই সকাল পৌনে ১১টার দিকে ধানমণ্ডি থানার সাতমসজিদ রোডে মিছিলে অংশ নেন সাইদ। সেখানে পিঠে গুলিবিদ্ধ হন তিনি। এ ঘটনায় গত বছরের ১ ডিসেম্বর ধানমণ্ডি মডেল থানায় মামলা করা হয়।

এদিকে তাকে গ্রেপ্তার নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন ‘আম জনতার দল’- এর সদস্যসচিব মো. তারেক রহমান।

 
তিনি লেখেন, ‘মব করে নিপীড়নের শিকার নারীকে জুলাইয়ের হত্যাচেষ্টা মামলা আসামি করে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা বলেছে, স্যারদের নির্দেষে তাকে এই মামলার আসামি করা হয়েছে। মামলার নথি খুঁজে দেখেছি, মহিলার নাম এই মামলায় পূর্বে ছিল না। মব সৃষ্টি করে মারধর করে পুলিশে দেওয়ার পর পূর্বের জুলাই এর হত্যাচেষ্টা মামলায় আটক দেখানো হয়।’

 

 
 
 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :