নারায়ণগঞ্জে ২ ভাইয়ের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ

আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৬:০১:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৬:০১:৪২ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দুই ভাইয়ের দীর্ঘদিনের বিরোধ সংঘর্ষে গড়িয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় স্থানীয় এক শিল্প প্রতিষ্ঠানের কাজ দখলকে কেন্দ্র করে আব্দুর রউফ ও তার ভাই আব্দুল জলিলের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বালু ভরাট, রাস্তা সংস্কার ও জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বহুদিন ধরে টানাপড়েন চলছিল। রাতে নতুন করে উত্তেজনা দেখা দিলে দুপক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 
একপর্যায়ে আব্দুল জলিলের অনুসারীরা প্রতিপক্ষ আব্দুর রউফের ঘরে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। অপরদিকে, জলিলপন্থীদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করেছে রউফপক্ষ।

 

সংঘর্ষে অন্তত কয়েকজন আহত হয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে চারটি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়।

 
খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে ঘরগুলো পুড়ে যায়।

 

এ ঘটনার পর উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। আব্দুল জলিল অভিযোগ করেছেন, রউফ পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে, আব্দুর রউফের দাবি, জলিলের লোকজন আগে হামলা করেছে, আমাদের ঘরে আগুন দিয়েছে।

 

 

স্থানীয়রা বলছেন, পারিবারিক দ্বন্দ্ব এখন পুরো এলাকায় বিভাজন তৈরি করেছে। দীর্ঘদিনের এই বিরোধ মীমাংসা না হলে এমন সংঘর্ষ আবারও হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই ভাইকেই হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :