ফতুল্লায় সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ৩ সাংবাদিক, অভিযুক্ত আটক

আপলোড সময় : ০৬-১১-২০২৫ ০৯:৫০:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৫ ০৯:৫০:৪৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। বুধবার (৫ নভেম্বর) বিকেলে ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন জাগো নিউজের প্রতিনিধি মো. আকাশ, ক্যামেরাম্যান আবদুল্লাহ আল মামুন ও আয়াজ। হামলাকারী কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেন (৬০) তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি আতা-ই-রাব্বির বাবা।

 

 

হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করেছে। এক পর্যায়ে সন্ত্রাসী বাহিনী তিনজনকে আটকে মারধর করেছে। তাদের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

জাগো নিউজের সাংবাদিক মো. আকাশ জানান, গিরিধারা বউবাজার এলাকাতে এক নারীর অভিযোগ ছিল তাদের জমি দখল করে রেখেছিল বিএনপির নামধারী নেতা শাহাদাত ও তার ছেলে রাব্বি।

 
ওই নারী ফতুল্লা থানায় একাধিকবার জিডি করেছেন। বিষয়টি জানতে বুধবার বিকেল ৪টায় ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে নারীর সঙ্গে কথার খবর পেয়ে শাহাদাত লোকজন নিয়ে এসে অতর্কিত হামলা করে। আমার সঙ্গে থাকা ক্যামেরাম্যান আবদুল্লাহ আল মামুন ও আয়াজকে মারধর করা হয়েছে।
 
এক পর্যায়ে টেনে হিঁচড়ে একটি রুমে আটকে লাঠিসোঁটা ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। আমাদের সঙ্গে থাকা ক্যামেরা ভেঙে ফেলে। পরে রুমে আটকে মোবাইল ভাঙচুর করে।

 

খবর পেয়ে পুলিশ গিয়ে তিনজনকে উদ্ধার করেছে। তাদের খানপুরে ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

 
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :