নরম, তুলতুলে, মুখে দিলেই মিশে যায় এমনই এক মিষ্টি এখন ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও কিশোরগঞ্জ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। নাম তার চুনিলাল মিষ্টি। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল বাজারেই তৈরি হয় এই বিখ্যাত রসগোল্লা। বাজারে গেলেই চোখে পড়ে ক্রেতাদের ভিড়।
চুনিলাল মিষ্টির কারিগর ও উদ্ভাবক সুনীল মল্লিক। কয়েক দশক ধরে তিনি নিজ হাতে এই মিষ্টি তৈরি করছেন। তার নামের সহজ উচ্চারণ থেকেই এসেছে ‘চুনিলাল’ নামটি।
সরেজমিনে গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) দোকানে গেলে দেখা যায়, ছানা তৈরির কাজ প্রায় শেষ। এরপর ছানা গোলাকৃতি করে মিষ্টির রসে ফোটানো হয়। প্রায় দুই ঘণ্টা সিদ্ধ করার পর তৈরি হয় তুলতুলে চুনিলাল মিষ্টি।
অরুয়াইলের বৃদ্ধ রমিজ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘চুনিলালের মিষ্টির মতো স্বাদ অন্য কোনো মিষ্টিতে পাই না। বহু বছর ধরে খাচ্ছি, এখনো আগের মতোই স্বাদ।’
জাহাজ শিল্পের ব্যবসায়ী শাহরাজ মিয়া জানান, এই মিষ্টি খেলে মনে হয় স্বাদের কোনো শেষ নেই। বাড়িতে নিয়ে গেলে সবাই প্রশংসা করে।
স্থানীয় ব্যবসায়ী মিলন চক্রবর্তী বলেন, ‘চুনিলালের মিষ্টির জন্যই অরুয়াইল বাজারের সুনাম বেড়েছে। বাইরের মানুষও এখন এই বাজারে আসে শুধু মিষ্টি কিনতে।’
নিজের মিষ্টির সাফল্য নিয়ে সুনীল মল্লিক বলেন, ‘আমি চেষ্টা করি নির্ভেজালভাবে মিষ্টি বানানোর জন্য। মানুষ ভালো বললে আমার ভালোই লাগে। প্রতিদিন যতটা বানাই, ততটাই বিক্রি হয়। অতিরিক্ত বানাই না।’
চুনিলাল মিষ্টি আজ শুধু একটি মিষ্টি নয়। এটি অরুয়াইল বাজারের পরিচিতি, ঐতিহ্য ও গর্ব।