রাউজানে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৩

আপলোড সময় : ২১-১০-২০২৫ ১১:৫১:৫১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৫ ১১:৫১:৫১ পূর্বাহ্ন

চট্টগ্রামের রাউজানে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাজিম উদ্দীন (৪৪) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর সোয়া ৫টার দিকে রাউজান উপজেলার অদুদিয়া সড়ক ও প্রকাশ গহিরা-হেয়াকো সড়কের সংযোগস্থল গহিরা দলইনগর আতুরন্নিঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া ও চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের হায়দার এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

 

জানা গেছে, নিহত রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রমজান আলী তালুকদার বাড়ির ইদ্রিস মিয়ার ছেলে। তিনি সবজির ব্যবসা করতেন। আজ সকালে সবজি আনার উদ্দেশে তিনি চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এতে দুর্ঘটনায় মুরগির বাচ্চাবাহী কাভার্ড ভ্যানটি সড়ক থেকে ধানক্ষেতে পড়ে যায়। অপরদিকে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশাযাত্রী নাজিমসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজিমকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি তার নিজ লেনে চলছিল, তবে কাভার্ড ভ্যানটি ভুল দিক থেকে এসে সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই নাজিম উদ্দীন নিহত হন। তিনি তিন কন্যা সন্তানের জনক ছিলেন।

 

থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশাটি হেফাজতে নিয়েছে রাউজান থানা পুলিশ।

 

 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :