টাঙ্গাইলে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ ও নগদ টাকা লুটের অভিযোগ

আপলোড সময় : ১৯-১০-২০২৫ ১২:৫৪:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৫ ১২:৫৪:১২ অপরাহ্ন

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া বাজারে বিপ্লব কর্মকার নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

 

আহত স্বর্ণ ব্যবসায়ী করটিয়া কর্মকারপাড়ার মৃত সুবর্ণ কর্মকারের ছেলে। তিনি করটিয়া বাজারের মা কালী জুয়েলার্সের স্বত্বাধিকারী।

 

 

 

জানা যায়, শনিবার রাতে দোকান বন্ধ করে স্বর্ণকার বিপ্লব কর্মকার বাড়ি ফিরছিলেন। এ সময় একটি প্রাইভেটকারযোগে আসা একদল দুর্বৃত্ত তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। হামলাকারীরা বিপ্লবের দোকানের স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়। ঘটনাস্থল থেকে যাওয়ার আগে দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টির উদ্দেশে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

 

বিস্ফোরণের শব্দে পুরো বাজার এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দ্রুত দোকান বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যান।

আহত বিপ্লবকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

স্থানীয় ব্যবসায়ীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহাম্মেদ কালের কণ্ঠকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলমান রয়েছে। পাশাপাশি এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

 

 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :