সরকারের নির্দেশনা মোতাবেক ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও অভিযান কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় বুধবার (১৫ অক্টোবর) কুতুবদিয়া, মনপুরা, হাতিয়া ও তৎসংলগ্ন এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে 'বানৌজা শহীদ ফরিদ'।
বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
আইএসপিআর জানায়, এ সময় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ মাছ শিকার করায় ০৩ টি মাছ ধরার ট্রলার আটক করা হয়।
ট্রলার তিনটি তল্লাশি করে ক্ষতিকর ও অবৈধ ১০টি বেহুন্দি জাল, ১৮ হাজার মিটার ইলিশ ধরার জাল, ৭ হাজার ৫ শত মিটার অন্যান্য জাল এবং ইশিলসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করে। জব্দকৃত ট্রলার, মাছ ও জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকা। অভিযান চলাকালে নিষিদ্ধ সময়ে অবৈধ ভাবে মাছ ধরার সাথে জড়িত ৬৭ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাছ, ট্রলার, জাল ও ৬৭ জন জেলেকে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেরিন ফিশারিজ অফিসারের কাছে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।
আইএসপিআর আরো জানায়, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও অভিযান কার্যক্রম অব্যাহত রাখবে বাংলাদেশ নৌবাহিনী।