সারা দেশে টাইফয়েডের টিকা পেল ৩৮ লাখ শিশু

আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৫:৫১:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৫:৫১:৪৩ অপরাহ্ন

দেশে প্রথমবারের মতো জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের আওতায় ৩৮ লাখ ৩৭ হাজার ৬১২ শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হয়েছে। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।

বুধবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এ তথ্য জানান।

তিনি বলেন, বিশ্বের টাইফয়েড প্রাদুর্ভাব অঞ্চলে বাংলাদেশের অবস্থান।

 
মূলত দূষিত পানি, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব এবং খাবারের মাধ্যমে টাইফয়েড ছড়িয়ে থাকে। শিশুদেরকে টাইফয়েড থেকে রক্ষা করতে হলে টিকা দেওয়া খুবই জরুরি।

 

তিনি আরো বলেন, টাইফয়েডের টিকা দেওয়া হলে বাচ্চারা কমপক্ষে পাঁচ বছর পর্যন্ত টাইফয়েডের জীবাণুর আক্রমণ থেকে রক্ষা পাবে।

স্বাস্থ্যের ডিজি বলেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিশেষ পদক্ষেপ।

 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ১৯৭৯ সাল থেকে প্রতিরোধযোগ্য বিভিন্ন সংক্রামক রোগজনিত মৃত্যু ও পঙ্গুত্বের হার কমিয়ে আনার লক্ষ্যে সারা দেশে টিকাদান কর্মসূচি পরিচালনা করে আসছে।

 

তিনি বলেন, বাংলাদেশে টিকা দিয়ে প্রতিরোধযোগ্য মারাত্মক সংক্রামক রোগগুলোর মধ্যে টাইফয়েড জ্বর অন্যতম। ‘সালমোনেলা টাইফি’ নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে এই রোগ হয়ে থাকে।

মহাপরিচালক বলেন, ‘সারা দেশে ৯ থেকে ১৫ বছর বয়সী পাঁচ কোটি শিশুকে টাইফয়েডের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে ১২ অক্টোবর, চলবে ১৩  নভেম্বর পর্যন্ত।

 
’

 

তিনি আরো বলেন, ‘আজ বুধবার পর্যন্ত সারা দেশে ৩৮ লাখ ৩৭ হাজার ৬১২ শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থী রয়েছে ৩৫ লাখ ১৫ হাজার ৪৩ জন। আর বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে দেওয়া হয়েছে ৩ লাখ ২২ হাজার ৫৬৯ জনকে।’

তিনি বলেন, ‘স্কুলের নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা টাইফয়েডের টিকা গ্রহণ করতে পারবে। এজন্য সারা দেশে রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে।

 
তবে রেজিস্ট্রেশন ছাড়াও টিকাদান কেন্দ্রে কেউ উপস্থিত হলে সে টিকা নিতে পারবে। নয় মাস থেকে পনেরো বছর পর্যন্ত সব শিশুর টিকা নিতে কোনো বাধা নেই।’

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :