অজুখানা পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্রের মৃত্যু

আপলোড সময় : ১১-১০-২০২৫ ০৬:৫১:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৫ ০৬:৫১:২১ পূর্বাহ্ন

বন্ধুদের সঙ্গে নিয়ে মসজিদ পরিষ্কারের পর অজুখানা পরিষ্কারের সময় বৈদ্যুতিক মোটরের (পানির পাম্প) তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিম প্যাদা (১৪) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। মৃত মাহিম বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পূর্ব বড়দুলালী গ্রামের ফরহাদ প্যাদার একমাত্র ছেলে ও কালকিনি উপজেলার উত্তর রমজানপুর ফাজিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র।

ঘটনাস্থল পরিদর্শন করে শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় গৌরনদী থানার এসআই নজরুল ইসলাম জানান, উপজেলার পূর্ব বড়দুলালী গ্রামের মাহিম প্যাদা তার ৩/৪ বন্ধুকে সঙ্গে নিয়ে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব বড়দুলালী গ্রামের বাদামতলা জামে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিল। একপর্যায়ে অজুখানা পরিষ্কারের সময় বৈদ্যুতিক মোটরের (পানির পাম্প) তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিম প্যাদা গুরুতর আহত হয়।

 

 

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে (মাহিম) গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত মাহিমের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশ সুরতহাল শেষে মাহিমের লাশ দাফনের অনুমতি দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক বছর আগে মাহিমের তিন বছরের বোন ফাইজা আক্তার পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। এবার ফরহাদ প্যাদার একমাত্র ছেলে মাহিমের মৃত্যুর পর পুরো পরিবারসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 
 

 

 
 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :