জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট এবং সেখানে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে। জাতির মতামত না নিয়ে পিআরকে উপেক্ষা করা যাবে না।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত গণ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, জাতি যদি পিআরের পক্ষে রায় দেয়, তাহলে সব দলকে তা মানতে হবে।
তিনি বলেন, পিআর জনগণ বোঝে না—এমন প্রচার চালানো হচ্ছে। তবে দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে জানান তিনি।
জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, ফ্যাসিবাদের দোসরদের বিচার বিঘ্নিত করতে বারবার অপচেষ্টা চালানো হচ্ছে।
একটি দল সহযোগিতা করছে না উল্লেখ করে তিনি বলেন, অনেকে দ্রুত নির্বাচন চায় কিন্তু সংস্কারে সহযোগিতা করেন না।