বিএনপি ক্ষমতায় এলে বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ করা হবে: তারেক রহমান

আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০৯:৫২:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০৯:৫২:৩২ অপরাহ্ন


শিক্ষকদের দাবির সাথে বিএনপি নীতিগতভাবে একমত এবং ক্ষমতায় গেলে রাষ্ট্রের সক্ষমতা অনুযায়ী বেসরকারি শিক্ষকদের দাবি পূরণ হবে বলে আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি আগামী নির্বাচনে শিক্ষকদের কাছে সহযোগিতা ও সমর্থন চাইলেন তিনি।


মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত শিক্ষক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, দেশকে সত্যিকারের এগিয়ে নিতে হলে গড়ে তুলতে হবে জ্ঞানভিত্তিক রাষ্ট্র, আর সে রাষ্ট্র নির্মাণের মূল চালিকাশক্তি শিক্ষক সমাজ। শিক্ষক সমাজ দুর্বল হলে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয়।


তিনি আরও বলেন, শিক্ষকদের আর্থিক নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে, এ দুই বিষয়েই বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, শিক্ষক এবং শিক্ষার মানোন্নয়নে দলটি সুনির্দিষ্ট ও বাস্তবধর্মী পরিকল্পনা নিয়ে কাজ করছে। সমাজ থেকে দুর্নীতি দূর করতে হলে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই দুর্নীতিবিরোধী বিপ্লবের সূচনা করতে হবে।


শিক্ষকদের সব দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি, এ কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা নিশ্চিত না করতে পারলে স্বপ্নের বাংলাদেশ কোনোদিন বাস্তবায়িত হবে না।

আসন্ন জাতীয় নির্বাচনে শিক্ষক সমাজের সহযোগিতা ও সমর্থন কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সমাবেশে সারাদেশ থেকে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী যোগ দেন। বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা, অবসর বয়স ৬৫ বছর নির্ধারণ, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ ও শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :