কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত দলের ১৪ জন গ্রেপ্তার

আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৫:২৯:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৫:২৯:২৮ অপরাহ্ন

কুমিল্লায় আন্তঃজেলা কুখ্যাত ডাকাত দলের সরদার শাহ আলম দুলালসহ তার দলের ১৪ জন সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৪টার দিকে দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও দেবিদ্বার থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত ডাকাত দলের সরদার দুলালের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৬টি ও মনিরের বিরুদ্ধে ২১টি ডাকাতির মামলা রয়েছে। বুধবার (১ অক্টোবর) কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার নাজির আহমেদ খান।

 

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, সংঘবদ্ধ একটি ডাকাত দল জেলার বাঙ্গরা বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে জেলা ডিবি ও দেবিদ্বার থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মাইক্রোবাসসহ ১৩ আন্তঃজেলা ডাকাত পুলিশের জালে আটকা পড়ে। এছাড়া ডাকাত দলের মালামাল ক্রয়ের অভিযোগে আরো একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো: মুরাদনগরের উড়িরচর এলাকার মৃত আবুল হাশেমের ছেলে মো. মনির হোসেন (৪০), দেবিদ্বারের নবীয়াবাদ গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে শাহ আলম দুলাল (৪৮), ব্রাহ্মণপাড়ার সিধলাই গ্রামের ফরিদ মিয়ার ছেলে মো. মামুন মিয়া (২৪), একই উপজেলার মোখলেছুর রহমানের ছেলে মাহবুব আলম (৩৮), সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর গ্রামের ইলিয়াছের ছেলে আলমগীর হোসেন (৩০), বুড়িচং উপজেলার জুরাইন মাইকপাড়া গ্রামের মৃত নসু মিয়ার ছেলে মো. আল আমিন (৩২), বরুড়ার মহেশপুর কাজী বাড়ির মৃত আব্দুর রবের ছেলে মো. কামাল হোসেন (৩২), চান্দিনার কংগাই গ্রামের তাজুল ইসলামের ছেলে মোশারফ শরীফ (৩২), একই উপজেলার চিলোড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. সুমন (৩৩), বরুড়ার বাশতলী নোয়াবাড়ী গ্রামের আব্দুল করিমের ছেলে মো. খোকন (৪০), বরুড়ার দক্ষিণ হোসেনপুর গ্রামের মুবিনের ছেলে আল আমিন (২৫), চান্দিনার চিলোড়া গ্রামের আব্দুল খালেকের আরেক ছেলে মো. সোহেল (২৬), বাঙ্গরাবাজারের হিরাকাশী গ্রামের কালা মিয়ার ছেলে মো. আব্দুল আউয়াল (৫০), এবং চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সন্তোষপুর গ্রামের নির্মল বিশ্বাসের ছেলে নিহার বিশ্বাস (৪৮)।

 
 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ২৮ সেপ্টেম্বর লালমাই থানায় দুটি ডাকাতির ঘটনায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরে গোপন সূত্রে খবর আসে, বাঙ্গরাবাজার এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতচক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। টহল জোরদার থাকায় তারা ডাকাতি করতে না পেরে দেবিদ্বারের দিকে রওনা হয়। রাতের অভিযানে পুলিশের চেকপোস্টে পৌঁছালে মাইক্রোবাসে থাকা ডাকাতরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে ১৪ জনকে আটক করা হয়।

 
 

অভিযানে ডাকাতদের ব্যবহৃত একটি কালো রঙের মাইক্রোবাস, কুড়াল, রামদা, চাপাতি, কাটার প্লাস, চেইন, মোবাইল ফোনসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতি হওয়া চার জোড়া স্বর্ণের দুল, একটি স্বর্ণের আংটি, একটি রুপার নুপুর, একটি ছোট লাল রঙের স্বর্ণ রাখার বক্স এবং নগদ ২০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। তারা সম্প্রতি লালমাই এলাকায় তিনটি, বরুড়ায় একটি ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলায় একাধিক মামলা রয়েছে। ডাকাত সরদার দুলালের পূর্বে ২৬টি মামলা রয়েছে ও আরেক ডাকাত মনিরের নামে রয়েছে ২১টি মামলা।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন: অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া ও জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মু. আবদুল্লাহসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :