মাদারীপুরে মাইক্রোবাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নাসিমা বেগম (৬২) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। আজ রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার কর্ণাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের ইজু মিয়া শেখের স্ত্রী।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল থেকে মেয়ে লাইজু আক্তারের সিজারিয়ান অপারেশনের সেলাই কেটে ইজিবাইকযোগে ৭দিনের শিশুকে নিয়ে বাড়ি ফিরছিলেন নানি নাসিমা বেগম। মাঝপথে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসারের কর্ণপাড়া এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা একটি মাইক্রোবাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। মুহূর্তেই ইজিবাইকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান নাসিমা।
নিহতের বড় মেয়ের স্বামী দুলাল মিয়া বলেন, ‘বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। অভিযুক্ত চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাইক্রোবাসের চালককে শনাক্তের চেষ্টা চলছে।’