চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীরের পাশে মাটির নিচে পুঁতে রাখা ককটেল স্তূপে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কবরস্থানের পাকা সীমানা প্রাচীরের বেশ কিছু অংশ ধসে পড়ে। বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। রবিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে রানীহাটী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উপর ধুমিহায়াতপুর গ্রামে ওই পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও বিস্ফোরণের আলামত সংগ্রহ করে।
স্থানীয় সূত্রে ককটেলের মজুদ থেকে একসঙ্গে ১২-১৫টি ককটেলের বিস্ফোরণের খবর পাওয়া গেলেও পুলিশ বলছে, সর্বাধিক ৬-৭টি ককটেলের বিস্ফোরণ ঘটতে পারে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, ‘মাটির নিচে মজুদকৃত ঠিক কতগুলো ককটেল বিস্ফোরণ ঘটেছে তা বিস্তারিত তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। স্থানীয়রা বিভিন্ন সংখ্যার কথা বলছেন।
ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা কি উদ্দেশ্যে ওই স্থানে ককটেল মজুদ করেছিল তা বের করার চেষ্টা চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।’