সিলেট মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী যোগদানের পর থেকেই অ্যাকশনে নেমেছে এসএমপি পুলিশ। অপরাধীদের গ্রেফতারে দিনরাত চলছে অভিযান। সিলেট মহানগর এলাকায় গত ৭২ ঘন্টায় আবাসিক হোটেল থেকে শুরু করে ছুরি-ছিনতাইকারী, মাদক কারবারি ও হত্যা মামলার আসামীসহ বিভিন্ন মামলায় ১৫১ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় দৈনিক নয়া দিগন্তকে এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত থেকে রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭২ ঘন্টায় বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের দফায় দফায় অভিযানে ১৫১ জনকে আটক করা হয়েছে। এছাড়া আটককৃতদের মধ্যে বেশিভাগই মাদক কারবারি। এছাড়াও অন্যান্য অপরাধের সাথে জড়িত রয়েছেন কয়েকজন।
অন্যদিকে, শনিবার দিবাগত রাত ১২টা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত ৪৯ জনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে গত তিন দিনে সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকা থেকে ১৫১ জনকে আটক করে পুলিশ।
এদিকে আটকদের কাছ থেকে মোবাইল, ইয়াবা ট্যাবলেট, গাঁজা-মদ, জুয়ার সরঞ্জামাদি এবং চোরাইপণ্য জব্দ করা হয়। আটক সবাইকে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, অপরাধ শূন্যে না আসা পর্যন্ত সিলেটে অভিযান অব্যাহত থাকবে। তিন দিনে বিশেষ অভিযানে এসএমপি ১৫১ জনকে গ্রেফতার করেছে। সিলেট নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।