২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

নিউইয়র্ক-সিলেট সরাসরি ফ্লাইট চালুর দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৫:৫৬:২৬ অপরাহ্ন
নিউইয়র্ক-সিলেট সরাসরি ফ্লাইট চালুর দাবি
যুক্তরাষ্ট্রপ্রবাসী সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি—নিউইয়র্ক থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সরাসরি ফ্লাইট চালু করা। প্রবাসীদের যাতায়াতের দুর্ভোগ কমানোর পাশাপাশি সরাসরি বিমান যোগাযোগ চালু হলে রেমিট্যান্স, বিনিয়োগ, কর্মসংস্থান ও পর্যটন খাতে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন প্রবাসী ব্যবসায়ী ও সিলেটের কমিউনিটি নেতারা।

সম্প্রতি ঢাকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিউইয়র্ক-সিলেট সরাসরি ফ্লাইট চালুর দাবি তুলে ধরেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সিলেটবাসীরা।


সংবাদ সম্মেলনের আয়োজন করেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী জহিরুল রুহেল চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি-লেখক ও হাওর অঞ্চলবাসীর সমন্বয়কারী খালেদ সানোয়ার। এতে সভাপতিত্ব করেন জহিরুল রুহেল চৌধুরী।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, লন্ডন থেকে সপ্তাহে ছয় দিন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি ফ্লাইট চলাচল করছে। পাশাপাশি কানাডার টরন্টো থেকেও ঢাকায় সরাসরি বিমান যোগাযোগ রয়েছে। এ অবস্থায় নিউইয়র্ক-সিলেট রুটে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া সম্ভব বলে মনে করছেন তারা।

বক্তারা জানান, একসময় নিউইয়র্ক-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু ছিল। পরে সেই সেবা বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সিলেটবাসীদের দীর্ঘ ও জটিল পথে দেশে ফিরতে হচ্ছে। সরাসরি নিউইয়র্ক-সিলেট ফ্লাইট চালু হলে যাতায়াতের সময় ও ভোগান্তি—দুটিই কমবে বলে তাদের দাবি।

প্রবাসী নেতাদের মতে, সরাসরি বিমান যোগাযোগ শুধু যাতায়াতের সুবিধাই বাড়াবে না; এর প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতি ও পর্যটন খাতেও। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিপুলসংখ্যক সিলেটবাসীর সঙ্গে দেশের অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগ আরও শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হবে।

সংবাদ সম্মেলনে জহিরুল রুহেল চৌধুরী বলেন, দেশের রেমিট্যান্স প্রবাহ বাড়াতে একসময় সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁর সময়ে নিউইয়র্ক-ঢাকা সরাসরি ফ্লাইট চালু এবং সোনালী এক্সচেঞ্জের মাধ্যমে প্রবাসীদের অর্থ দেশে পাঠানোর সুযোগ সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হয়েছিল।



তিনি বলেন, নিউইয়র্ক-সিলেট সরাসরি ফ্লাইট চালু হলে যুক্তরাষ্ট্রপ্রবাসী সিলেটবাসীর দেশে আসা-যাওয়া বাড়তে পারে। এর ফলে যোগাযোগের পাশাপাশি দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও পর্যটন শিল্পও উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ সময় প্রবাসীদের দেশে বিনিয়োগ করা সম্পদ ও নিরাপত্তার বিষয়টিও তুলে ধরা হয়। বক্তারা বলেন, দেশের প্রতি ভালোবাসা ও টান থেকেই অনেক প্রবাসী দেশে বাড়িঘর ও স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করেছেন। এসব সম্পত্তি যাতে বেদখল না হয় এবং দেশে অবস্থানকালে প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হয়, সে বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

সংবাদ সম্মেলনে ঢাকাস্থ পেপার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য আলহাজ আমির আলী, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি ও শ্রমিক নেতা আব্দুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজক জহিরুল রুহেল চৌধুরী।

নিউইয়র্ক-সিলেট সরাসরি বিমান যোগাযোগ চালুর দাবি এখন প্রবাসী সিলেটবাসীর অন্যতম আলোচিত দাবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কী উদ্যোগ নেয়, সেটিই এখন দেখার বিষয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ