দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে প্রাণ কোম্পানির এক নারী কর্মী ও ভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২জন আহত অবস্থায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ফুলবাড়ী উপজেলার ভিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফুলবাড়ী উপজেলার জামডাঙ্গা গ্রামের আইনুল হক (৫৩) ও বলিহরপুর গ্রামের রুনা খাতুন (২৩)।
জানা যায়, সকালে আইনুল হকের চার্জার ভ্যানে করে প্রাণ কোম্পানির কর্মচারী রুনা খাতুনসহ তিনজন যাচ্ছিলেন। পথে ভিমপুর এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের চালক আইনুল হক ও প্রাণের কর্মচারী রুনা খাতুন নিহত হন।
ফুলবাড়ী থানার ওসি আব্দুল লতিফ শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।