সেলিম উদ্দিন, কক্সবাজার।
কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি জননেতা শাহজাহান চৌধুরী বলেছেন, “তোমরাই এই দেশের ভবিষ্যৎ। সততা, নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”
বুধবার (২৭ আগস্ট) সকালে উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা পরিবেশ, অবকাঠামোগত অবস্থা এবং বিভিন্ন সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজ-খবর নেন। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
শিক্ষার্থীদের সাথে এক সৌজন্য সাক্ষাতে তিনি লেখাপড়ার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের শিক্ষার্থীই আগামী দিনের নেতৃত্ব দিবে। নিজেদের গড়ে তুলতে হবে জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মানুষ হিসেবে।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁর আগমনে আনন্দিত ও অনুপ্রাণিত হন। শিক্ষকরা বলেন, একজন জননেতার এমন সরাসরি পরিদর্শন ও মূল্যবান পরামর্শ বিদ্যালয়ের জন্য অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।