জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘আমরা অত্যন্ত লজ্জার সঙ্গে দেখছি, ঠিক যে উপকরণগুলো শেখ হাসিনাকে ফ্যাসিবাদী করে তুলেছিল, সেই একই উপকরণের পুনরাবৃত্তি সারা দেশে ঘটছে।’
রবিবার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, এবারের নির্বাচনে এনসিপি এবং ১১ দলীয় জোটকে আমাদের মা-বোনেরা সমর্থন দিয়ে আমাদের ম্যান্ডেট দিয়েছেন। আগামীর বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে তাদের জন্য নিরাপদ বলে সিদ্ধান্ত নিয়েছেন।
আসিফ মাহমুদ বলেন, ‘নির্বাচনের আগের দিন বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল করা হয়েছে তার পরও আমরা ধৈর্য ধরেছি। আপনারা নির্বাচিত হয়ে শপথ নেওয়ার আগেই সারা দেশে যে নৈরাজ্য এবং জুলুম শুরু করেছেন সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। আর যারা সারা দেশে আমার ভাইদের ওপরে হামলা করে বাড়িঘর লুটপাট করছে এবং আমার বোনকে ধর্ষণ করছে এবং শপথ নেওয়ার পরে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে তাদেরকে আমরা সতর্ক করতে চাই, আপনারা শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন।