শেরপুরে বিএনপির এক সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে জামায়াতের কর্মীদের বিরুদ্ধে। শনিবার রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া-বালুরঘাটের কান্দাপাড়া-নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত গিয়াস উদ্দিন রাসেল মিয়াকে (৩৫) শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন রাসেল মিয়া অভিযোগ করে বলেন, আমি বিএনপি করি, ধানের শীষের নির্বাচনী এজেন্ট ছিলাম, এ কারণেই আমার ওপর জামায়াতের কর্মী-সমর্থকরা হামলা চালিয়েছে। জামায়াত সমর্থক স্থানীয় কেরামত, জামাল, সোহেল, মনির ও তার ভাইসহ ১২/১৩ জন মিলে আমার ওপর এ হামলা চালিয়েছে।
তিনি বলেন, একটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তি আমার পিছু পিছু আসছিল।
এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি সোহেল রানা বলেন, ঘটনাটি জেনেছি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।