ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী নিজেকে নিজে ভোট দিতে পারছেন না। একই তালিকায় আছেন চট্টগ্রাম-৯ আসনে (কোতোয়ালি-বাকলিয়া) বিএনপির প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান।
আমীর খসরু মাহমুদ চৌধুরী তার পৈতৃক নিবাস কাট্টলীতে ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটের দিন সকাল ৮টায় উত্তর কাট্টলী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রয়োগ করবেন বলে জানান তার ব্যক্তিগত সহকারী।
নিজেকে ভোট দিতে না পারার তালিকায় থাকা অপর বিএনপি নেতা আবু সুফিয়ান চট্টগ্রাম-৯ আসনে (কোতোয়ালি-বাকলিয়া) বিএনপির প্রার্থী। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান ভোট দেবেন চান্দগাঁও আবাসিকে অবস্থিত সিডিএ উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে। কেন্দ্রটি চট্টগ্রাম-৮ আসনে (চান্দগাঁও-বোয়ালখালী)। এ হিসেবে তাঁর ভোট পাবেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।
জামায়াতের চট্টগ্রাম মহানগরের সাবেক আমির ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সাতকানিয়া ছমদরপাড়া বহুমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী নাজমুল মোস্তফা আমীন ভোট দেবেন লোহাগাড়ার সুখছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী ভোট দেবেন সীতাকুণ্ডের ভাটিয়ারির ভানুবাজার মাদরাসা-ই-মোহাম্মদিয়া আহম্মদিয়া আলিয়া কেন্দ্রে। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ার সিদ্দীক চৌধুরী ভোট দেবেন উত্তর সলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল তাঁর পৈতৃক বাড়ি সংলগ্ন মীরেরখীল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ পুরাতন চান্দগাঁও থানার সরাফাত উল্লাহ পেট্রল পাম্প সংলগ্ন কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।