নির্বাচন উপলক্ষে রাজস্থলীতে যৌথবাহিনীর বিশেষ নিরাপত্তা টহল পরিচালনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে রাজস্থলীতে বিশেষ নিরাপত্তা টহল (পেট্রোল) পরিচালনা করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও ভোটকেন্দ্রের আশপাশে এই কার্যক্রম পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ও ২নং গাইন্দ্যা ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে এই নিরাপত্তা মহড়া দেওয়া হয়। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বোধ তৈরি এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই বিশেষ পেট্রোলে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন ও গণভোট ঘিরে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে এবং সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথবাহিনীর এই নজরদারি অব্যাহত থাকবে।
এলাকাবাসী যৌথবাহিনীর এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন। তারা আশা করছেন, এমন কঠোর নিরাপত্তা ব্যবস্থার ফলে আসন্ন নির্বাচন ও গণভোটে সাধারণ মানুষ নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
কমেন্ট বক্স