ইসরায়েলি সেনাবাহিনী অধিকৃত পশ্চিম তীরের মধ্যাঞ্চলে একটি বেদুইন সম্প্রদায়ের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে এবং তিনজন বিদেশি সংহতি কর্মীকে আটক করেছে বলে রবিবার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
রামাল্লাহর পূর্বে আল-মুঘাইয়ির গ্রামের দক্ষিণে অবস্থিত খালায়েল বেদুইন শিবিরের বাসিন্দা মোস্তাফা কাবনেহ আনাদোলু এজেন্সিকে জানান, রবিবার ভোরে সেনারা শিবিরে প্রবেশ করে একটি সামরিক উচ্ছেদ আদেশ জারি করে এবং তিনজন বিদেশি সংহতি কর্মীকে গ্রেপ্তার করে।
কাবনেহ বলেন, শিবিরের ১১টি পরিবার এই আদেশ প্রত্যাখ্যান করেছে। কারণ তারা আশঙ্কা করছে, অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা সেখানে দখল নেবে।
আরেক বাসিন্দা নাজেহ কাবনেহ আনাদোলুকে জানান, ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় ইসরায়েল যে ‘গণহত্যামূলক যুদ্ধ’ শুরু করে, তার পর থেকেই অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা ব্যাপকভাবে বেড়েছে এবং প্রায় প্রতিদিনই এসব হামলা চলছে—উদ্দেশ্য হলো বাসিন্দাদের এলাকা ছাড়তে বাধ্য করা।
তিনি বলেন, অবৈধ বসতি স্থাপনকারীরা পশুচারণে বাধা দিচ্ছে, হুমকি ও শারীরিক হামলা চালাচ্ছে এবং শিবিরের পাশেই একটি নতুন আউটপোস্ট স্থাপন করেছে।
সরকারি সংস্থা কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন–এর তথ্যমতে, ২০২৫ সালে অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা প্রায় ৪,৭২৩টি হামলা চালিয়েছে, যাতে ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ১,০৯০ জন মানুষ নিয়ে গঠিত ১৩টি বেদুইন সম্প্রদায় বাস্তুচ্যুত হয়েছে।