গাজীপুরের গাছা এলাকায় পাওনা টাকাসংক্রান্ত বিরোধে রানী বেগম (৪০) নামে এক নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি ছাত্রদলের সাবেক নেতা আশিক ইসলাম ওরফে স্বপনকে (২৭) শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত রানী বেগম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মাইজবাগ গ্রামের মো. হিরোনের স্ত্রী। গাজীপুর মহানগরের পশ্চিম কলমেশ্বর এলাকায় ভাড়া থাকতেন তিনি।
গ্রেপ্তার আশিক ইসলাম ওরফে স্বপন মহানগরের গাছা থানার কলমেশ্বর এলাকার নজরুল ইসলামের ছেলে। আশিক গাজীপুর মহানগর ছাত্রদলের গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রানী বেগম কাপড়ের ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকায় সুদের ভিত্তিতে টাকা লেনদেন করতেন।
এ ঘটনায় শনিবার রাতে নিহত রানুর ছেলে হৃদয় বাদী হয়ে একটি মামলা করেন। পরে দিবাগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে ময়মনসিংহের ভালুকা থেকে আশিককে গ্রেপ্তার করে পুলিশ।
গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, আশিক যদি অপরাধ করে থাকেন, তাহলে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।