রাজধানীর মুগদা হাসপাতালের গেটের বাইরে থেকে তিন বছরের শিশুকে অপহরণের মামলায় অটোরিকশাচালক চান মিয়া ও তার বাবা নূর মোহাম্মদ আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান তাদের জবানবন্দি রেকর্ড করেন। একই সঙ্গে চান মিয়ার মা চান মালা এবং ছোট ভাই জাকিরের স্ত্রী কুলসুমকে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার এসআই নাজমুল আলম চার আসামিকে আদালতে হাজির করেন।
মামলার সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল ১১টার দিকে ছেলেকে নিয়ে মুগদা হাসপাতালে যান সুমাইয়া আক্তার। ডাক্তার দেখানো শেষে দুপুর ১টার দিকে ব্যাটারিচালিত রিকশা নিয়ে হাসপাতাল প্রাঙ্গণ থেকে মেইন গেটের সামনের রাস্তায় যান। সেখানে ছেলে পানি চাইলে পাশেই দোকানে পানি কিনতে যান সুমাইয়া। ছেলেকে বসিয়ে রাখেন রিকশাতেই। পানি নিয়ে ফিরে এসে দেখেন ছেলেসহ রিকশাটি উধাও।
খোঁজাখুঁজি করে না পেয়ে মুগদা থানায় মামলা করেন।