মৌলভীবাজারের কুলাউড়ায় নবনির্মিত রাজাপুর সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহালের ইজারাদারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে রাজাপুর সেতুর পাশে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।
অভিযানের সময় বালুমহালের ইজারাদার নাজমুন নাহার লিপির পক্ষে তার ম্যানেজার সাকিবকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুলাউড়া-পৃথিমপাশা-হাজীপুর-শরীফপুর সড়কে মনু নদের ওপর ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন রাজাপুর সেতু ও হাজীপুর-টিলাগাঁও ইউনিয়নে সড়ক ও জনপথ বিভাগের ব্রাহ্মণবাজার-শমসেরনগর সড়কে মনু নদীর ওপর নির্মিত কটারকোনা সেতুর পাশ থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে জনগুরুত্বপূর্ণ সেতু দুটি চরম হুমকির মুখে পড়েছে।
জানা গেছে, বালুমহালের ইজারাদার হবিগঞ্জের যুবলীগ নেতা সেলিম আহমদের স্ত্রী নাজমুন নাহার লিপি ও তার সহযোগী দীপক দে।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম বলেন, জেলা প্রশাসক স্যার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়েছে। এর আগেও একাধিকবার বালুমহালের ইজারাদারকে কয়েক লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।