ফেনীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে সমাবেশ স্থলে বিপুল জনতার জনস্রোতে মিছিলে স্লোগানে উত্তাল হয়ে গেছে সমাবেশস্থল। রবিবার (২৫ জানুয়ার) সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা ছাড়াও বৃহত্তর নোয়াখালী নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। বিকেল পর্যন্ত জনস্রোতের চাপে পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশের রাস্তায় জনজট লেগে যায়।
মিছিলে বিভিন্ন স্লোগান, ব্যানার-ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
ফেনী নোয়াখালী ও লক্ষীপুরের বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিপুল মানুষের চাপের কারণে সমাবেশস্থলের আশপাশে চলাচল সীমিত হয়ে পড়ে। তারেক রহমানকে একনজর দেখার আশায় তরুণ, যুবক, বৃদ্ধ সব বয়সী ও সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে ফেনী পাইলট স্কুল মাঠ পরিণত হয় জনসমুদ্রে।
সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
ফেনী জেলা পুলিশ সুপার শফিকুল ইসলাম কালের কণ্ঠকে জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে জেলায় পর্যাপ্ত নিরাপত্তা বিরাজ করছে। কোথাও যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য জেলা পুলিশ কাজ করছে।