ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় সড়ক ও জনপদ বিভাগের প্রায় ৫০ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করা হয়েছে। উচ্ছেদ কার্যক্রম ঘিরে ভোগ-দখলকারীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠে এসেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে সাইনবোর্ড এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জমি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, সরকারি জমি উদ্ধারের উদ্যোগ ইতিবাচক হলেও উচ্ছেদ প্রক্রিয়া যেন নিরপেক্ষ ও সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা হয়, সে বিষয়ে নজরদারি প্রয়োজন। উদ্ধার অভিযান প্রকৃত শুদ্ধি অভিযানে পরিণত হওয়া জরুরি।
উচ্ছেদ হওয়া মনির স্টোরের মালিক মনির কালের কণ্ঠকে বলেন, ‘এলএ ৬৭–৬৮/১৪ নম্বর সরকারি এই ভূমি উচ্ছেদ করা হলেও এই জায়গার লিজের মেয়াদ এখনো রয়েছে এবং এ বিষয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে যার রিট নাম্বার ৭০১৮/১৪।’
তিনি আরো বলেন, ‘পরিজাতের জায়গা উচ্ছেদ করা হলেও একই এলএ কেসের অধিগ্রহণ করা ভারটেক্স লিফট কম্পানির জমি এখনো তাদের দখলে রয়েছে।
নারায়ণগঞ্জ জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম কালের কণ্ঠকে জানান, উচ্ছেদকালে সড়ক ও জনপদের ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।