বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগানোর পাঁচ দিন পেরিয়ে গেলেও জড়িত মোটরসাইকেল চালক এখনো শনাক্ত হয়নি। যদিও পুলিশ বলছে, কী উদ্দেশ্যে এমন কাজ করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে মৌখিকভাবে বিষয়টি জানানো হলে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
তিনি বলেন, ‘ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। তবে ফুটেজের ভিজুয়াল পরিষ্কার না থাকায় মোটরসাইকেল ও চালককে শনাক্ত করা যাচ্ছে না। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
খামটির ভেতরে কিছু ছিল কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খামটি পুলিশের হাতে দেওয়া হয়নি এবং পুলিশ সেটি দেখেনি।
গত ১৪ জানুয়ারি রাত পৌনে ১২টার দিকে তারেক রহমান তার কার্যালয় থেকে গাড়ি বের করে ফেরার সময় গুলশানের ৬৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।